ইন্ডিয়ায় ৩ কৃষি আইন স্থগিতের নির্দেশ

ইন্ডিয়ায় ৩ কৃষি আইন স্থগিতের নির্দেশ

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪৫

ইন্ডিয়ার ৩ বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ইন্ডিয়ার শীর্ষ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) আদালত সরকারকে আইনটি স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেছে, সরকার তা না করলে সুপ্রিম কোর্ট তা করবেন। কৃষকদের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনেরও তাগিদ দিয়েছেন আদালত। কৃষি আইন চ্যালেঞ্জ করা এক পিটিশনের শুনানির সময় এসব কঠোর মন্তব্য করেছেন আদালত।

ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, এই আইনগুলো বাতিল করার দাবিকে কেন্দ্র করেই দিল্লির সীমান্তে গত দেড় মাসেরও বেশি সময় ধরে তীব্র কৃষক আন্দোলন চলছে।

এই তিনটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা এক মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি এস এ বোবডে সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা এই আইন স্থগিত করবেন কি না জানান, নইলে আমরাই সেটা করতে বাধ্য হবো।’

কেন্দ্রের পক্ষ থেকে কৃষক আন্দোলনের নিষ্পত্তি করার জন্য আরও সময় চাওয়া হলে বিচারপতি বোবডে সরাসরি বলেন, ‘আমাদের আদৌ মনে হচ্ছে না সরকার ঠিকমতো বিষয়টা সামলাতে পারছে। এখন কৃষক আন্দোলনকে ঘিরে রক্ত ঝরলে আপনারা কি দায় নিতে প্রস্তুত?’

তিন কৃষি আইন প্রণয়ন করার আগে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যথেষ্ট আলাপ-আলোচনা করেনি বলেও সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে। কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল প্রশ্ন তুলেছিলেন, বিষয়টি নিয়ে রায় দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন?

জবাবে প্রধান বিচারপতি তাকে বলেন, ‘আমাদের ধৈর্য নিয়ে কোনো জ্ঞান দিতে আসবেন না। এতদিন আমরা আপনাদের যথেষ্ট সাহায্য করেছি, আপনারা কিছুই করতে পারেননি।’ তবে আজকের রায়ের পরও কৃষকদের তাদের আন্দোলন চালানোর অধিকার থাকবে, শীর্ষ আদালত সেটা স্পষ্ট করে দিয়েছে।

‘কিন্তু আপনারা যেখানে অবস্থান নিয়ে আছেন সেখানেই থাকবেন না কি অন্য কোথাও গিয়ে আন্দোলন করবেন সেটা আপনাদেরই স্থির করতে হবে’, কৃষকদের উদ্দেশে বলেছে সুপ্রিম কোর্ট।

মামলার শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বিষয়টির নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গড়ে দিতে পারে-কিন্তু আইনগুলোর বাস্তবায়ন স্থগিত রাখা ঠিক হবে না।

এদিকে, এদিকে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পরও আন্দোলনরত কৃষকরা দিল্লির সীমান্ত থেকে এখনও উঠে যাওয়ার কোনো লক্ষণ দেখাননি। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করার জন্য কৃষক নেতারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন বলে জানা গেছে।

সংকটের সমাধান খুঁজতে আগামী শুক্রবার (১৫ জানুয়ারি) সরকারের সঙ্গে কৃষকদের পরবর্তী বৈঠক হবে বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading