আঙুলে চোট পেলেও উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে তাসকিনের শঙ্কা নেই

আঙুলে চোট পেলেও উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে তাসকিনের শঙ্কা নেই

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:২০

অনুশীলন চলাকালে সোমবার বাম হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে সেটা গুরুতর না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের হাতে দুটি সেলাই লাগলেও ক্ষতটা অতো বেশি না। সফরকারীদের বিপক্ষে ওয়ানডেতে তিনি খেলতে পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

আগামী ২০ জানুয়ারি শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু হবে। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে চোট থেকে সেরে উঠার জন্য এক সপ্তাহ সময় পাবেন তাসকিন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দেবাশীষ বলেন, ‘সোমবার বাম হাতে আঘাত পেয়েছিলেন তাসকিন। কাটাটি খুব বেশি গভীর ছিল না, আমি মনে করি ওয়ানডে সিরিজে খেলতে তার কোনো সমস্যা হবে না।’

তাসকিনও আসন্ন সিরিজে নিজের অ্যাকশনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্তি করে ইউএনবিকে মঙ্গলবার বলেন, ‘দুটি ছোট ছোট সেলাই লেগেছে। আমি মনে করি সামনে যে কদিন আছে এর মধ্যে বোলিংয়ে ফিরে যেতে কোনো সমস্যা হবে না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ডানহাতি পেসার তাসকিন। তার পর থেকে বেশ কয়েকবার ইনজুরিতে পড়ার কারণে বাংলাদেশ ওয়ানডে দলে ফিরতে তার দেরি হয়েছে। তাসকিন আহমেদ এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ উইকেট এবং দুটি ম্যাচে চারটি করে উইকেট নিয়ে মোট ৪৫ উইকেট শিকার করেছেন। এছাড়াও পাঁচটি টেস্ট এবং ১৯টি টি-টোয়েন্টিতে টাইগার দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading