ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার জন: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪০
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানিয়েছেন, ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন।
সোমবার (২৫ জানুয়ারি) সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৩২.৮৭ শতাংশ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনাভাইরাসের টিকা কেনার জন্য এ পর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশ থেকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়নের মাধ্যমে অর্থপাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তা খতিয়ে দেখছে। যেসব ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

