বিএসএমএমইউ’র প্রথম টিকা নিলেন ভিসি

বিএসএমএমইউ’র প্রথম টিকা নিলেন ভিসি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম টিকা নিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। করোনা ভ্যাকসিনেশন কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।

সকাল ৯টার দিকে টিকা নেওয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৮ জানুয়ারি প্রায় ২০০ জনকে টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ ২০০ জন টিকা নেবেন।

বিএসএমএমইউ এর কনভেনশন সেন্টারে টিকা দেওয়া হচ্ছে। এখানে টিকা দেওয়ার আটটি বুথ, পোস্ট কোভিড ওয়েটিং রুম, টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের দুটি টিম, চারটি এইচডিইউ (হাইডিপেডেন্সি ইউনিট), চারটি বেডসহ আইসিইউ (ইনটেনসিভ কেয়ার) ইউনিট, দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

আজ এ হাসপাতালের সঙ্গে আরও চারটি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতালে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।

বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হলো বাংলাদেশে। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য প্রকাশকারী ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৩টি দেশ ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। সে হিসেবে বাংলাদেশের অবস্থান ৫৪তম।

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। প্রধানমন্ত্রী ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading