বান্ধবীর জন্মদিনে করোনা-বিধি ভাঙলেন রোনালদো
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:২৮
বান্ধবীর জন্মদিন উদযাপনে ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বের হয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এঘটনায় তদন্তে নেমেছে ইতালি পুলিশ।
দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে রোনালদোকে দেখা গেছে পিয়েদমন্ত ও ভ্যালে ডি অস্তাতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তাদের সেই ভিডিও। সেখানে দেখা গেছে, আল্পস পর্বতমালার কাছে এক রিসোর্টে স্নো মোবাইলে চড়েছেন দুজন।
কিন্তু করোনা পরিস্থিতিতে ইতালিতে চলছে লকডাউন। এখনও প্রতিদিন সেখানে শ খানেক মৃত্যু ও সহস্রাধিক সংক্রমণের খবর মিলছে। স্বাভাবিকভাবেই করোনা বিধি ভাঙায় এখন তদন্তের মুখে রয়েছে রোনালদোর এই কাণ্ড।
কারণ ইতালির বর্তমান করোনা বিধি অনুসারে ‘অরেঞ্জ জোন’ অর্থাৎ করোনার মধ্যম প্রকোপ রয়েছে এমন এলাকাগুলোর মধ্যে কাজের বাইরে ভ্রমণ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রোনালদো এমন অঞ্চলে প্রবেশ করেছিলেন। এখন অভিযোগের সত্যতা মিললে জরিমানার মুখে পড়তে পারেন জুভেন্টাস তারকা।
অবশ্য এর আগেও একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল বিরতিতে জাতীয় দল পর্তুগালের হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন অভিযোগ উঠে সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরও ইতালিতে উড়ে এসে করোনা প্রটোকল ভেঙেছেন! কারণ তার কোয়ারেন্টিনের সময়টা পর্তুগালেই কাটিয়ে আসতে হতো তাকে। যার সমালোচনায় মুখর ছিলেন ইতালির ক্রীড়া মন্ত্রী স্পাদাফোরা।

