পঞ্চম ধাপের পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৮:৫৫
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ৩১টি পৌরসভা, ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত হয়।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যে ৩১টি পৌরসভায় পঞ্চম ধাপে ভোট নেওয়া হবে, সেগুলো হলো-চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।

