জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচন: এগিয়ে রয়েছেন যারা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৪০
জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পুরুষ ও নারী দলের তিনজন করে মনোনীত সদস্যের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পুরুষ ক্রিকেটার হিসেবে মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন ভারতের ব্যাটসম্যান ঋষভ পান্ত, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।
সেরা তিনে থাকা তিন নারী ক্রিকেটার হলেন পাকিস্তানের ডায়ানা বেগ, দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল ও মারিজান্নে ক্যাপ।
ভোটিং অ্যাকাডেমিতে থাকছেন অভিজ্ঞ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেবেন তারা, ৯০ শতাংশ ভোট থাকবে তাদের হাতে। আর শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক মাসের প্রথম দিন ভোট দেবেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ। আইসিসির ডিজিটাল চ্যানেলগুলোতে প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে বছরজুড়ে সব ফরম্যাটের সেরা পারফর্ম করা ক্রিকেটারকে স্বীকৃতি দিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ জানুয়ারি থেকে চালু করেছে।

