আল-জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:১১
‘কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নীতির ভেতরে পড়ে না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আইএসপিআর জবাব দিয়েছে।’ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩ ফেব্রুয়ারি) হাতিরঝিলে পুলিশ প্লাজায় নৌ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আল-জাজিরা যেটা করেছে। তাদের একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়েই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি, এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’
এ সময় মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি ভেজাল মদ পানে মানুষ মারা যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীরা যারা এগুলো করছেন। তারা মাঝে মাঝেই ভেজাল মিশ্রিত করে থাকেন। বিগত দিনগুলোর দিকে তাকালে দেখবেন অনেক সময় এ ধরনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় কথা হল আমাদের ডিবি পুলিশ তাদের সবগুলোকে শনাক্ত করেছে। কোথায় কীভাবে ভেজাল হচ্ছে। তাদের ধরে ফেলেছে।’

