‘উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে প্রশিক্ষণে পরিবর্তন আনা হচ্ছে’

‘উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে প্রশিক্ষণে পরিবর্তন আনা হচ্ছে’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:৪১

উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়তে প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে এবং বেসিক ট্রেনিংয়ের সিলেবাস রিভিউ করে বিভিন্ন পদের দায়িত্ব ও নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের সম্মেলন কক্ষে পুলিশের সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণের (হেড অব ট্রেনিং) সভায় সভাপতিত্বকালে তিনি একথা জানান।
আইজিপি বলেন,বাস্তব প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ঢেলে সাজানো হচ্ছে প্রশিক্ষণ কারিকুলাম। প্রশিক্ষণে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, জনগণকে উন্নততর সেবা প্রদান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ অফিসার ও ফোর্সকে বছরে কমপক্ষে ৬০ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্য বাস্তবায়নে পুলিশের সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।
সভায় প্রশিক্ষণ পুল গঠন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অবকাঠামো, যানবাহন ও জনবল বৃদ্ধিসহ প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মো: মাযহারুল ইসলাম। বাংলাদেশ পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারসহ অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৬০ জন হেড অব ট্রেনিং’ সভায় অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading