অপরাজনীতির জন্য জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: কাদের
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০০
অপরাজনীতির জন্য জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। ইস্যু নির্বাচন করতে তারা এক যুগ কাটিয়ে দিয়েছে।’
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক ইস্যুতে অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির একদফা আন্দোলনের প্রস্তুতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একদফা বলুন আর ১১ দফা বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত এক দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।’
আন্দোলন-সংগ্রামের বড় শক্তি জনগণ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা শতভাগ। সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী তারই নজির। যে কোনও জনঘনিষ্ট ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে রেসপন্স করেন। বিএনপি’র আন্দোলন সুদূর পরাহত। তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা যা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।

