ফাইজারের টিকার প্রথম ডোজ ৮৫ শতাংশ কার্যকর: গবেষণা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২৩
ইসরায়েলের গবেষকরা দাবি করেছেন, ফাইজার/বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ ৮৫ শতাংশ কার্যকর। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, ইসরায়েলের একটি হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণের ভিত্তিতে এমন দাবি করেছেন ওই গবেষকরা। ল্যানসেট সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করার কথা রয়েছে।
জানা যায়, ৭ হাজার ২১৪ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গবেষণা করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। এসব স্বাস্থ্যকর্মী জানুয়ারিতে ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ২৮ দিনের মধ্যে উপসর্গযুক্ত কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮৫ শতাংশ কমেছে। আর উপসর্গহীন রোগসহ সব মিলে সংক্রমণের ঝুঁকি কমেছে ৭৫ শতাংশ।
অবশ্য, গবেষকরা জানিয়েছেন, তারা যেসব স্বাস্থ্যকর্মীকে নমুনা হিসেবে নিয়েছেন, তাদের বেশিরভাগই তরুণ ও স্বাস্থ্যবান। এখানে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা খুব একটা নেই।
তবে নতুন এ গবেষণা প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার। বিশ্বে আসলেই ভ্যাকসিনটির কার্যকারিতা কেমন তা নিয়ে নিজস্ব গবেষণা চলছে বলে জানিয়েছে তারা। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কেমন তা জানতে ইসরায়েলি গবেষণার তথ্য সহায়ক হবে বলে আশা করছে ফাইজার।

