ডিভোর্সের পর ঘরের কাজের জন্য স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার রায়
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫
ডিভোর্সের পর ঘরের কাজের জন্য স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার রায়! বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটি শুনে অবাক লাগলেও এমন ঘটনায় ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ে।
বিবিসি জানিয়েছে, চীনে একটি বিবাহ বিচ্ছেদ মামলায় এক ব্যক্তিকে তাদের সংসার জীবনে গৃহকর্মের জন্য স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন আদালত। পাঁচ বছরের অবৈতনিক শ্রমের জন্য ওই নারী ৫০ হাজার ইউয়ান (৭ হাজার ৭০০ ডলার) পাবেন।
আদালতের রেকর্ড অনুযায়ী, ওই ব্যক্তির ডাক নাম চেন, গত বছর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করেছিলেন তিনি। ২০১৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্ত্রী, যার ডাক নাম ওয়াং, প্রথমে বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না, কিন্তু পরে রাজি হয়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করেন; যুক্তি দেখান চেন কোনো গৃহকর্মের বা তাদের সন্তানের দায়িত্বভার তুলে নেননি।
বেইজিংয়ের ফাংশান ডিস্ট্রিক্ট আদালত ওয়াংয়ের পক্ষে রায় দেন। ওয়াংকে মাসিক দুই হাজার ইউয়ান খোরপোষের পাশাপাশি ঘরের যে কাজকর্ম সে করেছে তার বাবদ এককালীন ৫০ হাজার ইউয়ান দিতে চেনকে নির্দেশ দেন।

