গোপনে টিকা নিয়েছেন ট্রাম্প ও তার স্ত্রী!
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৫৫
গত জানুয়ারিতেই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রেসিডেন্টদের মতো প্রকাশ্যে নয়, বরং গোপনেই সস্ত্রীক টিকা নিয়েছিলেন ট্রাম্প।
সোমবার (০১ মার্চ) ট্রাম্পের এক উপদেষ্টা এই তথ্য জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে ট্রাম্প কোন কোম্পানির টিকা গ্রহণ করেছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মনোভাবের জন্য আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প
করোনাভাইরাসকে এক রকম পাত্তা না দেওয়া মনোভাবের জন্য আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমত তাচ্ছিল্য করেছেন তিনি। যদিও ট্রাম্প নিজেও করোনাক্রান্ত হয়েছিলেন।
এই অবস্থার মধ্যে গত বছরের মধ্য ডিসেম্বরে হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন’র খবরে বলা হয়, হোয়াইট হাউজের সকলের জন্য করোনার টিকার সুপারিশ না করা পর্যন্ত নিজে তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ওই সময় সেই কর্মকর্তা জানান, ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া করোনা থেকে সুস্থ হওয়ায় শরীরে থাকা অ্যান্টিবডির সুবিধা নিচ্ছেন।
তবে এতদিন পরে এসে ট্রাম্পের গোপনে টিকা নেওয়ার কথা সামনে এলো। ট্রাম্প নিভৃতে টিকা নিলেও তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রেসিডেন্টরা তা করেননি।
গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ২৯ ডিসেম্বর টিকা নেন আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টারে (ইউএমসি) টিকার প্রথম ডোজটি নেন তিনি। তার টিকা নেওয়ার মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টনও ডিসেম্বরে ক্যামেরার সামনে টিকা গ্রহণ করেন। মানুষকে টিকা নেওয়ায় উৎসাহিত করতে তারা নিজেরা প্রকাশ্যে টিকা নেন।



