র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার খন্দকার মঈন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৩৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। তিনি সদ্য বিদায়ী লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন। আশিক বিল্লাহ তার নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ছিল র্যাবে তার শেষ কার্যদিবস।
তথ্যটি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান জানান, কমান্ডার আল মঈন র্যাবের যোগাযোগ ও এমআইএস উইংয়ের পরিচালকের পাশাপাশি মুখপাত্রের দায়িত্বও পালন করবেন। আজ তিনি আশিক বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
খন্দকার আল মঈন ৪৫তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি দীর্ঘদিন নৌ বাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে এবং নৌ গোয়েন্দা পরিদফতরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দারফুর, সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। দেশ ও বিদেশে নৌ বাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন। তিনি র্যাব সদর দফতরে যোগাযোগ ও এমআইএস উইংয়ের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। সততা, দক্ষতা ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে র্যাবের আভিযানিক কর্মকাণ্ড নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন।
২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র্যাবের সদর দফতরে গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন কমান্ডার খন্দকার আল মঈন।
প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা মামলার আসামি গ্রেনেডসহ গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হন তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

