স্বাধীনতা দিবসে নিউজিল্যান্ডের মাটিতে জাতীয় সংগীত গাইবে টাইগাররা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৪০
২০২১ সালের ২৬শে মার্চ আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে। এরইমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দু’টি ম্যাচ খেলা শেষ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ওয়েলিংটনের মাঠে গড়াবে।
মহান এই দিবসে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইবেন তামিম-মুস্তাফিজরা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সময়সূচীতে এই তথ্য পাওয়া গেছে।
সাধারণত আইসিসির কোনো টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক সিরিজে জাতীয় সংগীত গাওয়ার রেওয়াজ নেই। তবে বড় কোনো উপলক্ষ থাকলে ভিন্ন কথা। বাংলাদেশের জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে? লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের এদিন পূর্ণ হবে ৫০ বছর। এই মহান দিবসে দেশের মাটি থেকে হাজার মাইল দূরে দেশের পতাকার প্রতিনিধিত্ব করছেন টাইগাররা।
২৬ মার্চ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে খেলা গড়ানোর আগে বাজবে জাতীয় সংগীত। গাইবে টাইগাররা। সেদিন টাইগারদের সঙ্গে জাতীয় সংগীতে নিশ্চয়ই সুর মেলাবে গোটা নিউজিল্যান্ড।

