ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটলে হামলা: পুলিশের মামলা

ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটলে হামলা: পুলিশের মামলা

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:০০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দু’জন ক্যাপিটল পুলিশ মামলা করেছেন। গত ৬ ই জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে তারা মঙ্গলবার এ মামলা দায়ের করেন। ক্যাপিটল হিলে ওই দাঙ্গায় এক পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ কর্মকর্তা জেমস ব্লাসিংগেম ও সিডনি হ্যামবে বলেন, এই দাঙ্গার কারণে তারা শারিরীক ও মানসিকভাবে আহত হয়েছেন। ট্রাম্পের উস্কানিতে এ দাঙ্গা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ট্রাম্পের উস্কানি, উৎসাহ, সহযোগিতা ও নির্দেশে বিদ্রোহী জনতা তাদের ওপর হামলা চালায়।

ব্লাসিংগেম ১৭ বছর ধরে ক্যাপিটল পুলিশ বাহিনীতে কাজ করছেন। দাঙ্গার দিন তিনি তার মাথা ও পিঠে আঘাত পান এবং তখন থেকে তিনি মানসিকভাবেও পর্যুদস্ত হয়ে পড়েন।

আফ্রিকান আমেরিকান এই কর্মকর্তা বলেন, ওই দিন তিনি ট্রাম্প সমর্থকদের বর্ণবাদী হামলার লক্ষ্য ছিলেন। হ্যামবে ক্যাপিটল বাহিনীতে কাজ করছেন ১১ বছর ধরে। ওইদিন তিনি হাত ও হাঁটুতে আঘাত পান। এ সময়ে তার মুখে ও শরীরে রাসায়নিক স্প্রে করা হয়। তারা উভয়ে ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে ৭৫ হাজার ডলার দেয়ার কথাও আদালতকে বলেন।

উল্লেখ্য, ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার না করে উল্টো জালিয়াতির অভিযোগ তোলেন। গত ৬ ই জানুয়ারি জো বাইডেনের জয়কে কংগ্রেসের অনুমোদন দেয়ার প্রাক্কালে ট্রাম্প সমর্থকরা দেশটির পার্লামেন্ট হাউজ ক্যাপিটল হিলে হামলা চালায় যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্যে ট্রাম্পকে দায়ী করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading