‘বিএনপির দায়িত্বহীন রাজনীতির কারণে অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়’

‘বিএনপির দায়িত্বহীন রাজনীতির কারণে অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়’

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ১৯:১৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়’।

শনিবার (৩ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা এবং অপরাধীদের আড়ালের অপচেষ্টা—এই দুই অপরাধে অপরাধী বিএনপি। মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সঙ্গে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, আবার এখন সেই অপরাধীদের আড়ালের অপচেষ্টা করে আরেকটা অপরাধ করছেন। দুই অপরাধেই বিএনপি অপরাধী।’

বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আমি অনুরোধ করব, কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না।’

ওস্তাদ আলাউদ্দীন খাঁর বাড়িতে হামলা, ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া, মানুষের দলিল যেখানে সংরক্ষিত থাকে, সেই ভূমি অফিসে আগুন দিয়ে দলিল-দস্তাবেজ পুড়িয়ে দেওয়া, নারায়ণগঞ্জে একজন সাংবাদিক তার নাম ‘সৌরভ’ বলার পর তাকে কলেমা পড়তে বলা, আরেক জায়গায় একজনের লুঙ্গি খুলে ধর্মপরিচয় জানার অপচেষ্টাসহ তারা যেগুলো করেছে, একাত্তরে পাক হানাদার বাহিনী যেগুলো করতো, মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

ড. হাছান বলেন, ‘নৈরাজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা পত্রপত্রিকাসহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এইসব ঘটানো হয়েছে। আর এদের মদদ দিয়েছে বিএনপি ও জামাত, যার প্রমাণ হচ্ছে বিএনপির নিপুণ রায়ের ফোনালাপ।’

‘আর নিপুণ রায়ের ফোনালাপ দিবালোকের মতো স্পষ্ট, এটিকে বানানো বলা মির্জা ফখরুল সাহেবের বানোয়াট কথাবার্তারই পুনরাবৃত্তি মাত্র’- বলেন তথ্যমন্ত্রী।

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সবাইকে পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading