ভিডিও দেখে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে: ওবায়দুল কাদের

ভিডিও দেখে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:৩০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো আলেম-ওলামাদের তো নয়ই, বিএনপির কোন নেতাকেও গ্রেপ্তার করেনি সরকার। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার(২৯ এপ্রিল) চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের একথা বলেন তিনি।

সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের গ্রেপ্তার নিয়ে বিএনপি কল্পকাহিনী তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট যে সন্ত্রাস আড়াল করে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই মনগড়া কল্পকাহিনী তৈরির অপপ্রয়াস চালাচ্ছে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে।

করোনাভাইরাসের টিকা সংগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তাদের মনের কথা হচ্ছে বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায়। তারা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বক্তব্য এবং কাজে সিদ্ধহস্ত, যা ইতিমধ্যেই প্রমাণিত।”

মন্ত্রী বলেন, “বিশ্বের সমৃদ্ধ দেশগুলোও যখন করোনা সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন ভ্যাকসিন, আইসিইউ, অক্সিজেন ইত্যাদি নিয়ে সংকট তৈরি না করে সকলকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকতর মনোযোগী হওয়া উচিত।”

মন্ত্রী আরও বলেন, “এদেশে সরকারের জনভিত্তি ঠিকই আছে। তবে গত একযুগ ধরে বিএনপির নানান আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিয়েছে তারা প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন। বিএনপির রাজনীতির শেকড় বাংলাদেশের মাটির গভীরে নয়, অন্য কোথাও।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর ও ২১ আগস্ট ঘটিয়ে চক্রান্তের পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই, তাই বিএনপিকে অপেক্ষা করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading