বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তন “অগ্রহণযোগ্য”: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তন “অগ্রহণযোগ্য”: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৫:০০

বাংলাদেশের নতুন পাসপোর্টে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের বৈধতা নিয়ে ঘোষণায় পরিবর্তনকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সম্প্রতি বাংলাদেশের নতুন পাসপোর্টে কিছুটা পরিবর্তন আনা হয়। এতদিন পাসপোর্টে লেখা থাকতো “এই পাসপোর্টটি ইসরায়েল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ”। তবে নতুন পাসপোর্টে “ইসরায়েল বাদে” শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে। এর স্থলে লেখা হয়েছে, “এই পাসপোর্টটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ।” এ নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বাংলাদেশের পাসপোর্ট যেন “আন্তর্জাতিক মানের” হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (২৩ মে) রাতে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, “আমরা পাসপোর্টের পরিবর্তন সম্পর্কে অবগত আছি। সব সার্বভৌম দেশের পাসপোর্ট বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এগুলো মেনে নিয়েই বলছি, এই সিদ্ধান্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

“আন্তর্জাতিক মানসম্পন্ন” করার জন্যই বাংলাদেশের পাসপোর্টে এ পরিবর্তন আনা হয়েছে-এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, “আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?”

এ সময় সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায়, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন ও সহায়তার প্রশংসা করেন রামাদান।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এর আগে বাংলাদেশি পাসপোর্টে এই পরিবর্তনকেই কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলাড কোহেন। রবিবার তিনি এক টুইটবার্তায় লেখেন, “বড় খবর! বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং আমাদের দু’দেশের মানুষের উন্নতি ও সমৃদ্ধির জন্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে বলবো।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading