ওড়িষায় আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ‘ইয়াস’
উত্তরদক্ষিণ | বুধবার, ২৬ মে ২০২১ | আপডেট ১০:৪৫
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হেনেছে ভারতের ওড়িষার ধামরা ও বালাশ্বরে। বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে পড়েছে। নিম্নাঞ্চলের লাখ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ মে) সকালে ভারতের গণমাধ্যমে বলা হয়, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আড়াই থেকে ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।
ইন্ডিয়ার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই মুহূর্তে ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।
গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলেই পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
ইয়াস সতর্কতায় বুধবার সকাল থেকেই বন্ধ করা হল শহরের ৯টি উড়ালপুল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

