রিয়ালে ফিরলেন আনচেলত্তি
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১১:৪৫
১১ বছরের মধ্যে এই প্রথমবার ট্রফি ছাড়া মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে কোচের চাকরি ছেড়ে দেন জিনেদিন জিদান। সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে ফেরালো মাদ্রিদ ক্লাব। আনচেলত্তি রিয়ালের পছন্দের তালিকায় প্রথম দিকে ছিলেন না। ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে চেয়েছিল তারা, কিন্তু তাকে নিয়েছে জুভেন্টাস। বর্তমানে রিয়ালের কাস্তিয়া দলের কোচ রাউলকেও ভাবছিল তারা।
এছাড়া প্রার্থিতায় ছিলেন ইন্টার মিলানকে শিরোপা জেতানো আন্তোনিও কন্তে। শেষ পর্যন্ত আনচেলত্তিকে এভারটনের কাছ থেকে ছিনিয়ে নিলো তারা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রিমিয়ার লিগ ক্লাবে যান আনচেলত্তি। আরও তিন বছরের চুক্তি ছিল। কিন্তু রিয়ালের আগ্রহে আর পিছুটান রাখেননি। এভারটনকে ক্ষতিপূরণ দিতে হবে জেনেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন আনচেলত্তি। ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন, একই বছর কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল।

