অধ্যাপক মনজুরুল হক জাবির নতুন উপ-উপাচার্য
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১২:১৫
অধ্যাপক শেখ মো. মনজুরুল হক নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পেয়েছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের এই অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন।
বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই বিষয়ে নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শেখ মো. মনজুরুল হককে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বর্তমান উপ-উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক আমির হোসেন। তার মেয়াদ শেষ হলে আগামী ৯ জুলাই থেকে অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনজুরুল হক উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি মোতাবেক সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

