নোয়াখালীতে ট্রাকচাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৪:৪০
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্র নিহত। এ ঘটনায় আহত হয়েছেন চালক। বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার শিমুলতলী ফোরকানিয়া মাদ্রাসার সামনের এ দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান।
নিহতরা হলেন- চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা বসুরহাটের দারুল আকরাম মাদ্রাসার ছাত্র ছিল। দুর্ঘনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজকে (২২) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, মনিরুজ্জামান বাড়ি থেকে ছোট ভাই ও ভাগ্নেকে নিয়ে মোটর সাইকেলে করে বসুরহাটের দারুল আকরাম মাদ্রাসায় যাচ্ছিলেন। “পথে শিমুলতলী মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশকার ও মিনহাজের মৃত্যু হয়।” খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। তবে ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানান জাহেদুল।

