বিশ্বব্যাপী এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে খাদ্য মূল্য: ফাও
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৭:১৫
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম প্রায় এক দশকের মধ্যে বৃদ্ধি পেয়ে গত মে মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মে মাসে এক বছর আগের চেয়ে ৪০ শতাংশ দাম বেড়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) এ তথ্য জানায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
ফাও’র খাদ্য মূল্য সূচকে একটানা ১২ মাস ধরে খাদ্যমূল্য বেড়ে ২০১১ সালের পরে এই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, উদ্ভিজ্জ তেল, চিনি এবং শস্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সূচকে সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে।
২০২০ সালের এপ্রিল থেকে ৪.৮ শতাংশ হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালের অক্টোবরের পর থেকে মূল্য বৃদ্ধির তুলনায় এই হার দ্রুততর এবং ২০২০ সালের মে মাসের তুলনায় ২০২১ সালের মে মাসে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ।
সূচকে গত মে মাসে মূল্যবৃদ্ধি ১২৭.১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০১১ সালের ফেব্রুয়ারির চেয়ে ৭.৬ শতাংশ বেশি। মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিশ্বব্যাপী খাদ্য মজুদ ব্যবহারের হার কমে ২৮.১ শতাংশ দাঁড়াতে পারে।

