ইন্ডিয়ার টুইটার প্রধানের বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১১:৪০
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ইন্ডিয়ার প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির কট্টরপন্থি হিন্দু গোষ্ঠী বজরঙ্গ দল।
সম্প্রতি টুইটারের ওয়েবসাইটে জম্মু ও কাশ্মীরকে ইন্ডিয়ার মানচিত্র থেকে আলাদা দেখানোর কারণে দেশটিতে উত্তাপ ছড়ায়। উল্লেখ্য জম্মু ও কাশ্মীর অঞ্চলটিকে ইন্ডিয়া ও পাকিস্তান উভয় দেশই তাদের অংশ বলে দাবি করে আসছে।
অভিযোগ দায়েরকারী উত্তর প্রদেশের কট্টরপন্থি দল বজরঙ্গ দলের নেতা প্রবীণ ভাটি বলেন, ‘টুইটারের ইন্ডিয়া প্রধান মনিষ মহেশ্বরী এবং অপর নির্বাহী কর্মকর্তা দেশের আইটি বিধি লঙ্ঘন করার পাশাপাশি শ্রেণি বিদ্বেষ তৈরি ও একে অপরের সঙ্গে শত্রুতা বাঁধানোর কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘টুইটার আমার এবং ইন্ডিয়ার জনগণের অনুভূতিতে আঘাত করেছে’। তিনি এটিকে রাষ্ট্রদ্রোহ বলেও মন্তব্য করেছেন।
তবে পুলিশি অভিযোগের ব্যাপারে টুইটারের ইন্ডিয়ার প্রধান নির্বাহী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার (২৯ জুন) মানচিত্রটি তাদের ওয়েবসাইটে আর দেখা যায়নি।
এর আগে চলতি মাসে ধর্মীয় বিশৃঙ্খলা উস্কে দেয় এমন একটি ভিডিও প্রচারের কারণে মনিষ মহেশ্বরীকে উত্তরপ্রদেশের পুলিশ তলব করেছিল। যদিও আদালত তাকে সেই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
গত বছর ইন্ডিয়া শাসিত অঞ্চলকে চীনের অংশ হিসেবে উল্লেখ করায় ইন্ডিয়ার কেন্দ্রীয় সংসদীয় প্যানেলের প্রধান টুইটারের বিরুদ্ধে ইন্ডিয়ার সার্বভৌমত্বের প্রতি অসম্মানের অভিযোগ তুলেছিলেন। যদিও টুইটার তাদের ভুল সংশোধন করে দুঃখ প্রকাশ করেছিল।
তথ্যসূত্র: রয়টার্স

