অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১৮:৪২

জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার (৩১ জুলাই) ও মঙ্গলবার (৩ আগস্ট) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা আসছে।

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গতকাল সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় নারিতা বিমানবন্দর থেকে তৃতীয় দফায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি কার্গো ফ্লাইট ছেড়ে আসে। এরপর হংকং হয়ে “ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে মঙ্গলবার দেশে পৌঁছাবে তৃতীয় চালানের টিকা।” সে অনুযায়ী, ৩১ জুলাইতে টিকা আসার পর আজ আজ মঙ্গলবারও এ টিকা দেশে এলো।

গত ২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়। সে সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।

উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। এরই প্রথম চালান আসে শুক্রবার।’

দেশে গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। শুরুতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড দিয়ে এ কর্মসূচি শুরু হলেও ভারত সরকারের নিষেধাজ্ঞার পরে টিকার সংকট শুরু হয় দেশে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ টিকার প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩০ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয় সংকট। তবে এবারে জাপান সরকারের উপহার দেওয়া এ টিকার মাধ্যমে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের সংশয় কেটে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading