টিকা না নিয়ে বের হওয়া অপরাধ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

টিকা না নিয়ে বের হওয়া অপরাধ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১৯:২০

টিকা ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যেহেতু এখন সংসদ অধিবেশন নেই তাই দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেয়া হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সাত দিনে ১ কোটি মানুষকে টিকার ব্যবস্থা করেছে। সুতরাং টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্ত্রী বলেন, কেউ টিকা নিয়েছে কিনা, সেই তথ্য ওয়েবসাইটে চলে যাবে, কেউ মিথ্যা বলতে পারবে না। দোকানপাট খোলার আগে ৭, ৮, ৯ আগস্ট তিন দিন সুযোগ রাখলাম। এই সময়ের মধ্যে যাতে টিকা নিতে পারে সেই সুযোগ দিচ্ছি। ১১ আগস্ট থেকে যাতে দোকানপাট খুলতে পারে সভা সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, দেশের শুধু ইউনিয়ন পরিষদে নয় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনার টিকা পৌঁছে যাবে। এছাড়াও সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে পাঁচ থেকে সাতটি বুথে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্ত্রী আরো জানান, কেউ বলতে পারবে না টিকা পাইনি। আইন না মানলে অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেয়ার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে, যদি আবেদন-নিবেদনে কাজ না হয়। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানলে কঠোর অবস্থানে যাব।

এর আগে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ আগস্ট রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। আজ আবার নতুন করে ১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ ছিল সব ধরনের শিল্প-কারখানা। ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দেয়া হয়। এরপরও বন্ধ রয়েছে দোকান ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

বিধিনিষেধ দেয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। বরং দিনকে দিন অবনতি হচ্ছে পরিস্থিতির।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ আজ মঙ্গলবারের হিসাব অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন।

করোনা পরিস্থিতি নিয়ে আজকের আন্তঃমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading