ডিএসই’তে সূচক বাড়লেও কমেছে লেনদেন
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৪ আগস্ট) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে তবে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে ২ হাজার ৭৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে সোমবারের (২৩ আগস্ট) তুলনায় মঙ্গলবার ১১ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ স্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে১১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

