সূচকের পতনে লেনদেন
উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:০০
টানা ৩ দিনের ধারাবাহিক পতনে লেনদেনও কমতে শুরু করেছে পুঁজিবাজারে। রবিবার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে। খবর-ডিএসই।
ডিএসইতে ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে রবিবার। আগের দিনের তুলনায় এদিন ৩৮০ কোটি ৭৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে। আজ (রবিবার) ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ২১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯০ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

