খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১০:৩০
চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় মধ্যরাত থেকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের খুলনার এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মুজিবুর রহমান। সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। পাঁচটি ট্যাংকে তেল ভর্তি রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর ১২টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ইউডি/সুস্মিত

