এবার পূজামণ্ডপে বসবে না মেলা

এবার পূজামণ্ডপে বসবে না মেলা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০০

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার দুর্গাপূজায় মণ্ডপে ঘিরে মেলা বসানো যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার সচিবালয়ে শারদীয় দুর্গোৎসব নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সংবাদিকের একথা জানিয়েছেন।

তিনি বলেন, “পূজা মণ্ডপের আশেপাশে কোনো দোকানপাট ও মেলা বসতে দেওয়া হবে না। হাউজি ও জুয়া খেলা পূজা মণ্ডপে করতে দেওয়া হবে না। বাজি, পটকা ফোটানো যাবে না, মাদক গ্রহণ করা যাবে না।”

আগামী ১১ থেকে ১৫ অক্টোবর সারাদেশে ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে পূজা হবে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। ঢাকা মহানগরে এবার ১৩৭টি মণ্ডপে পূজা হবে, গত বছর হয়েছিল ১৩২টি মণ্ডপে।

মন্দিরে ঢোকার সময় সবাইকে মাস্ক পরতে হবে। হ্যান্ড স্যানিটাইজ করতে হবে কিংবা হাত ধোয়ার ব্যবস্থাও থাকবে মণ্ডপগুলোতে।

থার্মাল স্ক্যানার থাকবে, কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজা মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না।

“স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে আরাধনা করতে হবে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।

পূজা মণ্ডপে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বড় বড় পূজা মণ্ডপে র‌্যাব, পুলিশের বিশেষ টহলের সঙ্গে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে।

সীমান্ত এলাকার পূজা মণ্ডপে বিজিবি ও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড সতর্ক অবস্থায় থাকবে।

“কোনো দুষ্কৃতকারী পূজা মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে অথবা ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, আজান ও নামাজের সময় মসজিদের কাছে পূজা মণ্ডপগুলোতে ‘সংযতভাবে’ পূজা-অর্চনা করতে এবং সেই সময়ের জন্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে বলা হয়েছে।

“অনেক জায়গায় মসজিদ ও মন্দির পাশাপাশি, সেসব জায়গায় সতর্ক থাকতে বলা হয়েছে।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading