ইনস্টাগ্রামে প্রতি পোস্টে কোহলির আয় ৫ কোটি, রোনালদো ১২ কোটি
উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:২০
এমনিতেই ইন্ডিয়া দলের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় বিরাট কোহলিকে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা ইন্ডিয়ান টেস্ট অধিনায়ক বিসিসিআই থেকেই বছরে বেতন পান ৭ কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করেন কোহলি। তাঁর আয়ের আরেকটি বড় উৎস ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের একটি প্রচারমূলক পোস্টের জন্য ৫ কোটির বেশি টাকা পান কোহলি। আয়ের এই তালিকায় ইন্ডিয়ানদের মধ্যে এক নম্বরে আছেন কোহলি। পুরো বিশ্বে এই তালিকায় তার অবস্থান ১৯ নম্বরে। কোহলির পর ইন্ডিয়ানদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় প্রিয়াঙ্কা চোপড়ার। এই বলিউড অভিনেত্রী একটি প্রচারমূলক পোস্টের জন্য পান প্রায় ৪ কোটি টাকা।
ইনস্টাগ্রাম থেকে আয়ের তালিকার এক নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা প্রতি প্রচারমূলক পোস্টের জন্য পান ১২ কোটি টাকার বেশি।
তালিকার সাত নম্বরে আছেন লিওনেল মেসি। একটি প্রচারণামূলক পোস্ট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় প্রায় ৯ কোটি টাকা। আয়ের এই তালিকায় দুয়ে আছেন আমেরিকান অভিনেতা ডোয়েন জনসন, তিনে আছেন আমেরিকান গায়িকা আরিয়ানা গ্রান্দে। এই দুজনের আয়ই এক নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আয়ের কাছাকাছি।
ইউডি/ অনিক

