বাংলাদেশ থেকে নেওয়া ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করছে ইন্ডিয়া

বাংলাদেশ থেকে নেওয়া ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করছে ইন্ডিয়া
ব্রডব্যান্ড ইন্টারনেট

উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৩০

বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামনের সপ্তাহগুলোতে কক্সবাজার থেকে ভারতে এই বাড়তি ইন্টারনেট ব্যান্ডউইথ যাবে। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম লাইভ মিন্ট।

ইন্ডিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘দুই-তিন মাস আগে আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০ জিবিপিএসের একটি ফাইবার সংযোগ নিয়েছিলাম। এই দুই মাসে এটি স্থিতিশীল ছিল।’

তিনি আরও বলেন, ‘এই ব্যান্ডউইথ আরও বাড়ানোর বিষয়ে আমরা গতকাল একটি সিদ্ধান্ত নিয়েছি। উত্তর-পূর্ব ভারতের পুরো অঞ্চল বিশেষ করে মনিপুর রাজ্য যেন উচ্চগতির ইন্টারনেট পেতে পারে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইন্ডিয়ার এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক ওই সংযোগের ফলাফলের ওপর ভিত্তি করে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা ব্যান্ডউইথ দ্বিগুণ করব। এরপর পরবর্তী ফলাফল দেখে ব্যান্ডউইথ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

উল্লেখ্য, চলতি বছর মনিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading