বেগম জিয়ার সুস্থতায় বিএনপি অখুশি : তথ্যমন্ত্রী

বেগম জিয়ার সুস্থতায় বিএনপি অখুশি : তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় ও বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি। তিনি আরও বলেন, আবার নির্বাচন কমিশন নিয়েও বিএনপি খুশি নয়, এমনকি আসন্ন কমিশনে যদি তিনজন ফেরেশতাকেও মনোনয়ন দেয়া হয়, সেই কমিশনের প্রতিও তাদের কোন আস্থা থাকবে না, কারণ জয়ের নিশ্চয়তা না পেলে তারা কখনোই খুশি নয়।

মন্ত্রী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সম্মেলন উদ্বোধন করেন।

নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান বক্তা হিসেবে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি এবং মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে, ভারতকেও ছাড়িয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জনগণের কাছে উদাহরণ, তারা সে দেশকে বাংলাদেশ বানানোর আহবান জানাচ্ছেন। নির্বাচন কমিশন গঠনে চলমান প্রক্রিয়া নিয়ে বিএনপি’র ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সকলেই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট প্রায় ৩শ মানুষের নাম জমা দিয়েছে, তখন বিএনপি সেখান থেকে দূরে থাকলো, নাম জমা দিলো কি না দিলো, তাতে কিছু যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading