মহড়ায় অংশ নিতে ইন্ডিয়ার পথে দেশের যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৭
আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশি যুদ্ধজাহাজ ‘ওমর ফারক’। আজ মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলার দিগরাজে অবস্থিত পশুর নদী সংলগ্ন নৌঘাঁটি থেকে ছেড়ে যায় যুদ্ধজাহাজটি।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ইন্ডিয়ার বিশাখাপাটনামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া ‘EX MILAN-2022’-এ অংশগ্রহণ করবে বাংলাদেশি যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’। এতে ২৮৪ জন বাংলাদেশি নৌ কর্মকর্তা অংশ নেবেন। এই মহড়ায় বাংলাদেশসহ ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণের কথা রয়েছে।
মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন বলেন, অংশগ্রহণকারী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহড়া নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান এই কর্মকর্তা।
এসময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন, মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন, যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান, ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁইয়াসহ নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধজাহাজ ওমর ফারুকে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ায় আট দিনব্যাপী আন্তর্জাতিক মহড়া শেষে যুদ্ধজাহাজ ওমর ফারুক ৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।
ইউডি/সিফাত

