করোনায় আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৫
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩০
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫১ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ইউডি/সিফাত

