করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন খালেদা জিয়া
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪০
হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টিকার এই তৃতীয় ডোজ নিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে যান তিনি।
তার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম বুস্টার ডোজ নিয়েছেন। তাকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হয়েছে। এই হাসপাতাল থেকেই গত বছরের ১৯ জুলাই কোভিড টিকার প্রথম ডোজ এবং ১৮ অগাস্ট দ্বিতীয় ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। প্রথম দুই ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছিলেন তিনি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এসময় উপস্থিত ছিলেন।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে এক বছর বন্দিজীবন কাটানোর পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে বাড়িতে থাকার মধ্যে ২০২০ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি আবার অসুস্থ হয়ে গত বছর প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন। তখন তার লিভার সিরোসিস ধরা পড়ে। চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।
ইউডি/সুপ্ত

