রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাত বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪০
নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০টি নাম নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সার্চ কমিটি। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সার্চ কমিটির প্রস্তাবিত এই নাম থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান, যারা দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে। নাম পাওয়ার পর কবে নাগাদ নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে- এমন প্রশ্নে প্রেস সচিব জানান, বিষয়টি সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন মনে করবেন, তখন নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির আদেশের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন করবে। ২০১৭ সালে তখনকার সার্চ কমিটি যেদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ তুলে দিয়েছিলেন, সেদিনই নিয়োগের আদেশ হয়েছিল।
রাষ্ট্রপতি গঠিত এবারের সার্চ কমিটি গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তাদের সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে। বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য আছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।
কাদের কাদের নাম প্রস্তাব করছেন, তা প্রকাশ করেনি সার্চ কমিটি। তারা বলছে, এটা প্রকাশের এখতিয়ার রাষ্ট্রপতির। তবে সার্চ কমিটি রাজনৈতিক দলসহ সবার কাছে চাওয়ার পর যে ৩২২টি নাম এসেছিল, তা প্রকাশ করেছে। আর সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেহেতু বলেছেন, তারা নিজেরা নতুন কোনো নাম যোগ করেননি, সেহেতু প্রস্তাবিত ১০ জনের নাম ৩২২ জনের তালিকার মধ্যে রয়েছে।
ইউডি/সুপ্ত

