সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৪০
দেশে বৈদেশিক মুদ্রার মজুত ও মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।
ফখরুল বলেন, আজকে যারা দেশ শাসন করছে তারা রিজার্ভের ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে। আইএমএফ বলছে, আসলে এটা ফিফটিন পারসেন্ট বাড়িয়ে বলা হয়েছে। এটা একটা ভুয়া সংখ্যা দেয়া হয়েছে। অর্থাৎ তার চেয়ে প্রায় ৭ বিলিয়ন ডলার কম। এটা গেল পরীক্ষিত একটা ব্যাপার।
তিনি যোগ করেন, তারা মাথাপিছু আয় বাড়ার কথা বলছে। তাই যদি হবে আমার শফিউদ্দিন ভাই (কৃষক), তিনি আত্মহত্যা করলেন কেন? আজকে তিনি সেচের ব্যবস্থা পাননি। এভাবে আপনি যদি লক্ষ্য করে দেখেন, প্রতিটি ক্ষেত্রে সরকার, যারা আজকে জোর করে ক্ষমতায় এসছে, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক-পিস্তল নিয়ে জোর করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মিথ্যাচার করছে।
মির্জা ফখরুল বলেন, তারা কথায় কথায় উৎপাদনের কথা বলছে, উন্নয়নের কথা বলছে। উন্নয়নের দাপটে বাংলাদেশে সবকিছু তারা যেন সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। অথচ গতকালই আমরা দেখেছি যে, বাংলাদেশকে এখনও ৬৭ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে। যেটা প্রমাণ করে তারা যে সব দাবি করে যে, তারা খাদ্য শষ্যে স্বয়ং-সম্পূর্ণতা লাভ করেছে— এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।
ইউডি/সুপ্ত

