এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই: মির্জা ফখরুল

এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই: মির্জা ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩০

নির্বাচনের সময় আওয়ামী লীগই যদি সরকারে থাকে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দলের এই অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা আগেই বলেছি, এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা এটা নিয়ে যে, নির্বাচনকালীন সময়ে সরকারে কারা থাকবে?

ফখরুল আরও বলেন, যদি আওয়ামী লীগ সরকারে থাকে, নিশ্চিন্ত থাকতে পারেন কোনো নির্বাচন হবে না। কারণ তারা আবার তাদের মত করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে; আর আমরা বসে বসে দেখব। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। বিএনপি মহাসচিব আবারও বলেন, আমাদের দাবি নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়; আপনার তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং ওই নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন কমিশন তৈরি করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

নতুন কমিশন সম্পর্কে ফখরুল বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে এদেশের জনগণের ভোটের যে অধিকার, ভোটের অধিকার তাকে সুনির্দিষ্ট করা, তারা যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। এটা তাদের দায়িত্ব এবং একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে- এ রকম একটা পার্লামেন্ট, এ রকম একটা সরকার গঠন করা। কিন্তু আমরা কী দেখেছি- ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ ওই ব্যবস্থাটাকে ধবংস করে দিয়েছে।

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে এই আলোচনা সভা হয়। সংগঠনের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সদস্য দেবাশীষ রায় মধুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, সুশীল বড়ুয়া বক্তব্য দেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading