শীর্ষ ইউক্রেনীয়দের অ্যাকাউন্টে হ্যাকিং ‘ঠেকিয়েছে’ মেটা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:২৫
রাশিয়ার চলমান আগ্রাসনের মধেই একদল হ্যাকারের নজরে পড়েছিলেন ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং এক সংবাদকর্মী। আর ভুক্তভোগীদের ‘টার্গেট’ করা হয়েছিল সামাজিক যোগাযোগের শীর্ষ প্ল্যাটফর্ম ফেইসবুকের মাধ্যমে।
ভুক্তভোগীদের ফেইসবুকের মাধ্যমে ‘টার্গেট’ করা হয়েছিল বলে নিশ্চিত করেছে শীর্ষ সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। ৪৮ ঘণ্টার মধ্যে ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে ৪০টি ভুয়া অ্যাকাউন্ট, গ্রুপ এবং পেইজ মুছে দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি। ভুয়া অ্যাকাউন্টগুলো পরিচালিত হচ্ছিল রাশিয়া থেকে এবং লক্ষ্য ছিল ইউক্রেইনের নাগরিকরা।
অন্যদিকে, এক ডজনের বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার খবর জানিয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। পাশাপাশি প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের অভিযোগে বেশ কিছু লিংক ব্লক করে দিয়েছে প্রতিষ্ঠানটি। টুইটার বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অ্যাকাউন্টগুলোর উৎপত্তিস্থল ছিল রাশিয়া এবং এদের মূল লক্ষ্য ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে সাধারণ ব্যবহারকারীদের আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা পুরো আলোচনা বিপথে চালানো।
সোমাবারের এক ব্লগ পোস্টে হ্যাকিং চেষ্টার সঙ্গে ‘ঘোস্টরাইটার’ নামের একটি দলের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি বলছে, টার্গেট ব্যক্তিদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে সফল হয়েছিল হ্যাকাররা। হ্যাকাররা ইউটিউব ভিডিও পোস্ট করার চেষ্টা করছিল যাতে ইউক্রেনের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে বলে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে রয়েছে, বনের ভেতর থেকে সাদা পতাকা হাতে আত্মসমর্পন করতে বেরিয়ে আসছেন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা।
প্রতিবেশি দেশ বেলারুশ থেকে ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং “সংশ্লিষ্ট ব্যক্তিদের” উপর সাইবার হামলা চালানো হচ্ছে বলে শুক্রবারেই জানিয়েছিলেন ইউক্রেনের সাইবার নিরাপত্তা কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদন বলছে, বেলারুশের ওই হ্যাকারদের দলটির সঙ্গে ‘ঘোস্টরাইটার’-এর সংশ্লিষ্টতা পেয়েছিল যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ফায়ারআই’।
মেটা’র সাইবার নিরাপত্তা টিম বলছে, হ্যাকারদের টার্গেট অ্যাকাউন্টগুলো উদ্ধার করা হয়েছে এবং হ্যাকারদের ব্যবহৃত ‘ফিশিং’ ডোমেইন-ও ব্লক করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি মেটা; তবে, যেখানে সম্ভব ভুক্তভোগীদের সতর্ক করে দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মেটা’র ব্লগ পোস্ট বলছে, ফেইসবুকে আলাদা করে ভুয়া প্রচারণা চালানোর চেষ্টাও করেছে হ্যাকাররা। অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিয়েভের বাসিন্দাদের ছদ্মবেশে। স্বাধীন সংবাদমাধ্যমের ছদ্মবেশে কয়েকটি ওয়েবসাইট চালিয়ে তার মাধ্যমে ইউক্রেন ভেঙে পড়ছে বা দেশটির পশ্চিমাঞ্চল ইতোমধ্যেই সরকারের সঙ্গে বিশ্বাঘাতকতা করেছে এমন খবর ছড়ানো হচ্ছিল।
ওই ভুয়া প্রচারণার ব্যপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মেটা। তবে প্রচারণার ‘পোস্ট’, ‘শেয়ার’ এবং ‘রিঅ্যাকশন’ এর সংখ্যা খুবই সীমিত ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ওই ভুয়া প্রচারণায় ইউটিউব ও টেলিগ্রামসহ রাশিয়ার স্থানীয় সামাজিক মাধ্যম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মেটা।
ইউক্রেন সঙ্কটের জেরে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাশিয়া সরকারের টানাপোড়েন বেড়েই চলেছে। শুক্রবারের ফেইসবুক ‘আংশিক’ ব্লক করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মেটা বলছে, রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য যাচাই বন্ধ করতে রাজি না হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। শনিবারেই রাশিয়ার কিছু ব্যবহারকারীদের জন্য সেবা ব্যাহত হওয়ার খবর জানিয়েছে টুইটার।
ইউডি/সুস্মিত

