মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমাদের সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকলকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরও একটা মুক্তিযুদ্ধে নেমে এ দেশকে মুক্ত করতে হবে, দেশের জনগণকে মুক্ত করতে হবে। রবিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের যুদ্ধ শুরু হচ্ছে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের এই যুদ্ধ আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষ এদেশের মালিক। এ যুদ্ধ হবে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, আমাদের দেশের মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চায়। আর তারা কখনওই এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবার পক্ষে নয়। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা কখনওই নির্বাচিত হতে পারবে না।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পিছনে আওয়ামী লীগ নেতারা জড়িত মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আজকে এই মূল্যবৃদ্ধির পিছনে একটাই কারণ। আর সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদের দুর্নীতি। আজকে তারা এই দুর্নীতি থেকে ফুলে-ফেঁপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তার পেছনে রয়েছে আওয়ামী লীগ।

মির্জা ফখরুল আরও বলেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ তখনই সম্ভব হবে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে তখনই যখন গণতান্ত্রিক সরকার আসবে। স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারবো তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। এবং সেই সরকার আসতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading