বঙ্গবন্ধুর আদর্শই বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি

বঙ্গবন্ধুর আদর্শই বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি

ড. রওনক জাহান । শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ । আপডেট ১১:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের র রাজনৈতিক চিন্তাধারার প্রভাবেই গঠিত হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যার মূল লক্ষ্য ছিল বিশ্বশান্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা। ‘সবার সঙ্গে মৈত্রী এবং কারও সঙ্গেই বৈরিতা নয়’—এই ছিল তাঁর পররাষ্ট্রনীতির ভিত্তি। তিনি বলতেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে তিনি গড়ে তুলতে চান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আদর্শ ছিল জোটনিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উপনিবেশবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা।

সমগ্র পৃথিবীর, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতি বঙ্গবন্ধু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন জানিয়েছিলেন। ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সদ্য স্বাধীন বাংলাদেশ আরবদের সমর্থনে মেডিকেল ইউনিট এবং চা পাঠিয়েছিল। বঙ্গবন্ধুর প্রদর্শিত এই মানবতার পথ ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও ২০১৭ সালে সাত লাখ রোহিঙ্গার আশ্রয় দিয়ে নিজেকে সারা পৃথিবীতে মানবতার অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করলেন।

জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পর বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর সংস্থাটির অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ, শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘ যে মানবিক অগ্রগতির লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে, তারও তিনি প্রশংসা করেন। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি তিনি স্বনির্ভরতার ওপরও জোর দেন।

বঙ্গবন্ধু জাতিসংঘে বক্তৃতা শেষ করেন ‘মানুষের অজেয় শক্তির প্রতি বিশ্বাস এবং মানুষের অসম্ভবকে জয় করার ক্ষমতার’ ওপর প্রত্যয় ব্যক্ত করে। তিনি বলেন, ‘আমরা দুঃখ ভোগ করিতে পারি, কিন্তু মরিব না। টিকিয়া থাকার চ্যালেঞ্জ মোকাবিলা করিতে জনগণের দৃঢ়তাই চরম শক্তি জনগণের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমেই আমরা আগাইয়া যাইব।’

জনগণের ‘ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের’ ওপর বঙ্গবন্ধুর এই বিশ্বাস বিফল হয়নি। গত ৫০ বৎসরে বাংলাদেশের জনগণ বহু বাধা-বিপত্তি জয় করে অর্জন করেছে অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। আমাদের প্রত্যাশা, বঙ্গবন্ধুর প্রদর্শিত এই শক্তি—‘জনগণের ঐক্যবদ্ধ এবং সমন্বিত প্রয়াস’—আরও সুদৃঢ় হবে বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। বাংলাদেশের অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য। আমরা সবাই মিলে গড়ে তুলতে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যেখানে বিরাজ করবে শান্তি, মানুষ মুক্তি পাবে বঞ্চনা ও নির্যাতন থেকে এবং যেখানে সব নাগরিক অধিকার থাকবে সুনিশ্চিত।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading