হঠাৎ ল্যাপটপ গরম হলে করণীয়
উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ এপ্রিল ২০২২ । আপডেট ০৯:৫০
ঘরে কিংবা অফিসে অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন। সহজে বহনযোগ্য ও ডেস্কটপের তুলনায় দামে সস্তা হওয়ায় সবার প্রথম পছন্দ ল্যাপটপ। তবে ল্যাপটপে কাজ করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ল্যাপটপ হিটিং ইস্যু। কাজ করার সময় হঠাৎ করেই গরম হয়ে যায় ল্যাপটপ। অনেকে এটিকে হালকাভাবে নেন। কিন্তু এটি ল্যাপটপের বড় সমস্যার জানান দিচ্ছে। এ ছাড়াও এ থেকে হতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা। বেশ কিছু কারণে ল্যাপটপ গরম হতে পারে। যেমন-
অনেক সময় এমন কিছু কাজ ল্যাপটপে করা হয়, যার জন্য প্রসেসর খুব বেশি প্রসেস করতে থাকে। এর কারণে ল্যাপটপ গরম হয়ে যেতে পারে।
ল্যাপটপের ফ্যান নষ্ট হলে এই সমস্যা হতে পারে। প্রত্যেক ল্যাপটপে কুলিং ফ্যান থাকে। যার মাধ্যমে গরম হাওয়া বাইরে খুব সহজেই বেরিয়ে আসে। এক্ষেত্রে যদি ফ্যান খারাপ হয়ে যায় তাহলে ল্যাপটপের ভেতরের গরম হাওয়া বেরিয়ে আসতে পারে না।
ল্যাপটপের র্যামের ক্ষেত্রে নির্দিষ্ট কার্যক্ষমতা রয়েছে। কোনো কারণে সেই কার্যক্ষমতার থেকে বেশি কাজ করতে হলে ল্যাপটপের র্যামের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। যার ফলে ল্যাপটপ গরম হতে পারে। ল্যাপটপে একসঙ্গে একাধিক কাজ করলে ল্যাপটপের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে ল্যাপটপ গরম হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপ হঠাৎ গরম হলে দ্রুত যা করবেন-
ল্যাপটপ যদি কোনো কারণে অনেক গরম হয়ে যায়। তাহলে যত দ্রুত সম্ভব ল্যাপটপটি বন্ধ করে দিন। কারণ অনেক গরম হওয়ার ফলে সমস্যা তৈরি হতে পারে। যে সফটওয়্যারটির মাধ্যমে ল্যাপটপ গরম হচ্ছে সেটি যদি ডিটেক্ট করতে পারেন, তাহলে সেই সফটওয়্যার বন্ধ রাখুন। চেষ্টা করুন কোনো ঠান্ডা জায়গায় ল্যপটপটি রাখতে। কখনোই একসঙ্গে একাধিক ভারী সফটওয়্যার নিয়ে কাজ করবেন না। ল্যাপটপের কুলিং ফ্যান সঠিক আছে কি না তা দেখুন।
ল্যাপটপে যদি প্রচুর পরিমাণে ধুলাবালি জমে, তাহলে ল্যাপটপ ঠাণ্ডা করার জন্য যে কুলিং ফ্যান থাকে সেটি ঠিকমতো কাজ করতে পারে না। ফলে ল্যাপটপ অধিক গরম হয়ে যায়। ঘরবাড়ি যতই পরিষ্কার রাখুন না কেন, সামান্য হলেও ধুলাবালি ল্যাপটপে প্রবেশ করবেই। এ ক্ষেত্রে নির্দিষ্ট দিন পর পর ল্যাপটপ পরিষ্কার করতে হবে, যেন ল্যাপটপের ফ্যান যথাযথভাবে চলতে পারে।
ল্যাপটপটি আপনি যদি টেবিল অথবা যেকোনো সমান্তরাল জায়গায় রেখে ব্যবহার করেন, তাহলে ল্যাপটপ গরম হওয়ার আশঙ্কা অনেকখানি কমে যায়। তবে এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কারণ বেশির ভাগ মানুষ ল্যাপটপ কেনে আরাম করে বিছানায় বসে পায়ের ওপর অথবা পাশে রেখে ব্যবহার করার জন্য। তবে যদি ল্যাপটপ গরম হওয়া থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে অবশ্যই এ অভ্যাস ছাড়তে হবে।
ল্যাপটপকে গরম হওয়া থেকে বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে কুলারের ব্যবহার। ল্যাপটপের আঁটসাঁট ডিজাইনের কারণে ল্যাপটপ গরম হওয়া খুব স্বাভাবিক। কেননা অল্প জায়গার কারণে ঠাণ্ডা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ল্যাপটপে দেওয়া সম্ভব হয় না। তাই বাইরে থেকে আলাদাভাবে ঠাণ্ডা করার ব্যবস্থা করতে হয়। বাজারে অনেক ধরনের ল্যাপটপ কুলার পাওয়া যায়। চাইলে সেসব সংগ্রহ করে নিতে পারেন।
ল্যাপটপের কিছু সেটিংস পরিবর্তন করেও ল্যাপটপটি ঠাণ্ডা রাখা যায়। তবে এটুকু নিশ্চিত করতে হবে যে যেই মানের গেম খেলা অথবা কাজের জন্য ল্যাপটপটি কিনেছেন সেই কাজ করার মতো ক্ষমতা আপনার ল্যাপটপটির আছে কি না। সেই সঙ্গে ল্যাপটপের ড্রাইভারগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে এবং হালনাগাদ রাখতে হবে। স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দেওয়ার পাশাপাশি কাজ করছেন না এমন প্লাগ-ইনগুলোও বন্ধ করে দিতে পারেন। এ ছাড়া পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংসে কিছু অপশন পাওয়া যায়, যেখান থেকে কতখানি শক্তি ব্যবহৃত হবে সেটাও নিয়ন্ত্রণ করা যায়।
ইউডি/সুস্মিত

