হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়
বরুন কুমার দাশ । শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ । আপডেট ১২:৫০
হৃদরোগের চিকিৎসায় ঈর্ষণীয় উন্নতি হয়েছে বাংলাদেশের। হৃদরোগ চিকিৎসায় এখন প্রায় দেশটি স্বয়ংসম্পূর্ণ। ৯৫ থেকে ৯৮ শতাংশ হৃদরোগের চিকিৎসার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এর জন্য দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতিও দেশেই আছে। মাত্র দুই দশক আগেও বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত অসচ্ছল রোগীরা প্রায় বিনা চিকিৎসায় প্রাণ হারাতেন। আর যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা ছুটতেন বিদেশে। রাজধানীর অসংখ্য সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। রয়েছে নামি-দামি কার্ডিয়াক সার্জন ও কার্ডিওলজিস্ট।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, মাত্র তিন দশক আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছোট একটি বিভাগে হৃদরোগের চিকিৎসা শুরু হয়। ওই সময় হৃদরোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষায় শুধুমাত্র স্টেথেস্কোপ, ইসিজি ও এক্সরে মেশিনই ভরসা ছিল। ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ওপেন হার্ট অপারেশন সম্পন্ন হয়। অধ্যাপক নবী আলম খানের নেতৃত্বে ১৯৮১ সালের সেপ্টেম্বরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে দেশে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। ওই সফল অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক দলের অন্যতম সদস্য ছিলেন অধ্যাপক এস আর খান।
হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক সার্জনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদ্রোগ চিকিৎসায় বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। এ দেশে বেশ কয়েকটি হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। একেকটি হাসপাতালে প্রতিদিন ৫ থেকে ৬টি বাইপাস সার্জারি হচ্ছে। এসব অপারেশনে দুর্ঘটনা নেই বললেই চলে। অত্যন্ত জটিল এই অপারেশন করে দেশীয় চিকিৎসকরা তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। এর ফলে হৃদরোগ নিয়ে মানুষের মধ্যে নেই আগের মতো কোনো আতঙ্ক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি-বেসরকারি ২২টি হাসপাতালে বর্তমানে ওপেন হার্ট সার্জারি হয়। এসব হাসপাতালে প্রতিবছর ১০ থেকে ১২ হাজার বাইপাস সার্জারি হয়। ১৫ থেকে ১৬ হাজার এনজিওপ্লাস্টি হয়। ৫০ হাজারের বেশি এনজিওগ্রাম হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। আর বিশ্বমানের চিকিৎসার কারণে অন্তত কয়েক লাখ মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বলে দাবি হৃদরোগ চিকিৎসকদের।
এ প্রসঙ্গে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমানে হার্টের চিকিৎসা আন্তর্জাতিক মানের। এখন কোনো রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় না। হার্টের সকল রোগ নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন তা দেশেই করা যায়। এছাড়া হার্টেও স্টেন্টিং ও সার্জারিসহ সব চিকিৎসা এখন আমাদের দেশীয় হাসপাতালে হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য মতে, বিশ্বে প্রতিবছর হৃদরোগজনিত কারণে অন্তত ১ কোটি ৭৯ লাখ লোক মারা যান। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিবছর বাংলাদেশে অসংক্রামক রোগে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ মারা যান। এরমধ্যে সবচেয়ে বেশি ৪০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে হৃদরোগজনিত কারণে। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ ভাগই হচ্ছে অসংক্রামক রোগে। এর মধ্যে ৩৬ দশমিক ১ শতাংশই হৃদরোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি কান্ট্রি প্রোফাইল ২০১৮ অনুসারে, বাংলাদেশে মোট মৃত্যুর ৩০ শতাংশের পেছনে দায়ী হৃদরোগ। সংখ্যার হিসেবে যা প্রায় পৌনে ২ লাখ।
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত ২০১৭-এর হেলথ বুলেটিনের তথ্য মতে, ২০১৬ সালে শুধুমাত্র জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের বর্হিবিভাগে দুই লাখ ২৬ হাজার ১৩৮ জন রোগী সেবা গ্রহণ করে। ওই বছর একই হাসপাতালে ৬৪ হাজার ৯০৬ জন ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। ওই বছর হৃদরোগ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয় ৯৯৫ জনের এবং ভাসকুলার সার্জারি হয় আরও এক হাজার ৮২৪ জনের। বিশ্বের অন্যান্য দেশের থেকে আমাদেও দেশের মানুষের ১০ বছর আগেই হার্ট অ্যাটাক হয়ে থাকে। এখন ৪০ থেকে ৫০ বছর বয়সী, এমনকি ২৫-৩০ বছর বয়সীরাও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে।
ইউডি/অনিক

