সংস্কৃতি অন্তপ্রাণ আমাদের বঙ্গবন্ধু

সংস্কৃতি অন্তপ্রাণ আমাদের বঙ্গবন্ধু

হাসনাত করিম । শুক্রবার, ০১ জুলাই ২০২২ । আপডেট ১১:৩০

আবহমান বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য মুগ্ধ করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলা ও বাঙালির জন্য তিনি যেমন আমরণ যুদ্ধ করে গেছেন, তেমনি এ দেশ ও মাটির মূল সংস্কৃতিকেও তিনি ধারণ করেছেন মনে-প্রাণে। বাংলাকে ভালোবেসেই তিনি বাঙালিকে ভালোবেসেছেন। এক কথায় তিনি ছিলেন আপাদমস্তক এক সংস্কৃতি অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়া। বাংলার সংস্কৃতিকে অক্ষয় রূপ দিয়ে গেছেন শেখ মুজিব। তাঁর জন্যেই বাঙালি জাতি বাংলা ভাষা, সাহিত্য এবং সংগীতের চর্চা করতে পারছে এবং পারবে। এবং পৃথিবীতে একটিমাত্র দেশ আছে, বাংলা ভাষা যে দেশের রাষ্ট্রভাষা। বাঙালি সংস্কৃতি যে দেশের সংস্কৃতি। বাঙালি জাতি যে আজকে গর্ব করে তার ভাষা নিয়ে, তার সাহিত্য নিয়ে, তার সংস্কৃতি নিয়ে- এই জিনিসটাকে স্থায়ী রূপ দিতে পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

বাঙালি জাতির ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মহাসম্মিলনে রচিত জাতীয় হৃৎপিন্ডের রক্তপ্রবাহে যিনি আশ্রয় নিয়েছিলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পঞ্চান্ন বছরের স্বল্পায়ু যে রাজনৈতিক জীবন তিনি অতিবাহিত করেন, সেই বিপুল সংগ্রামমুখর জীবনে অন্তঃসলীলা ফল্গুধারার মতো প্রবাহিত ছিল অসাম্প্রদায়িক জীবনাদর্শের পটভূমিতে রাজনীতির মতো শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং পরিপুষ্টি। বাঙালিত্বের যা কিছু শুভ, সুন্দর ও কল্যাণময় তার বিচিত্র শক্তি ও সৌন্দর্যে তিনি সমৃদ্ধ হয়েছিলেন। ফলে এক জীবনে তিনি যে সংগ্রাম করেছেন, আত্মত্যাগের যে উজ্জ্বল মহিমা তিনি ছড়িয়ে গেছেন, তা শুধু রাজনৈতিক ছিল না, তা ছিল শিল্প-সাহিত্য ও সংস্কৃতিরও মুক্তি সাধনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, গায়ক, সংস্কৃতিকর্মীসহ এই জগতের মানুষদের সান্নিধ্যের আকাক্সক্ষা ও গভীর ভালোবাসা লালন করতেন। তিনি বিশ্বাস করতেন-দেশের গণমুখী সংস্কৃতিকে বিকশিত করার উদ্দেশ্যে সাহিত্য-সংগীতে কবি-সাহিত্যিক-শিল্পীদের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সুখ-দুঃখকে প্রতিফলিত করতে হবে।

বঙ্গবন্ধুর ভাষা এবং ভাষা ব্যবহারের সৌন্দর্য ছিল গণমানুষের সহজবোধ্যতাকে ধারণ করে। ভাবীকাল যখন এই ভাষণগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে যাবেন, দেখা মিলবে, সময় এবং স্থান কাল পাত্রকে সামনে রেখে লক্ষ্য ও উদ্দেশ্যকে মেলে ধরেছেন। একটি জাতি, তার ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটানোয় বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর নিজস্ব চর্চার মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত রেখেছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading