বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়
উত্তরদক্ষিণ । বুধবার, ০৬ জুলাই ২০২২ । আপডেট ০৯:৩৫
বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছিল মূলত টেলিভিশনের একগাদা বিজ্ঞাপন দেখা থেকে রেহাই পেতেই। তবে এই প্ল্যাটফর্মেও সেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। একটি ভিডিওর শুরুতে মাঝে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত ব্যবহারকারী। আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটাই বেড়েছে এই প্ল্যাটফর্মে। এর মধ্যে কিছু অ্যাড আবার স্কিপ করাও যাচ্ছে না। তাই ভিডিও দেখার সময় বারবার বিরক্ত হতে হচ্ছে।
এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি। এজন্য ব্যবহারকারীকে কিনতে হবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রতি মাসে নির্দিষ্ট খরচ করতে হবে এজন্য। সম্প্রতি একটি রেফারাল প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে ইউটিউব। বন্ধুদের ইউটিউব প্রিমিয়াম রেফার করলে মিলবে একটি কোড। এই কোড রিডিম করে সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আরও বেশি গ্রাহকের কাছে কোম্পানির সুখ্যাতি করার জন্য ও নতুন গ্রাহক পেতে সাহায্য করার পুরস্কার হিসেবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে ইউটিউব। ইউটিউব প্রিমিয়াম আপনি যে ব্যক্তিকে রেফার করবেন সেই ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন না। এজন্য সামান্য খরচ করতে হবে তাকে। তবে আপনি বিনামূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাবেন। সম্পূর্ণ অ্যাড ফ্রি ইউটিউব দেখতে বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারেন।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতেই এত আয়োজন তাদের। মূলত টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউব। তাই নতুন নতুন ফিচার যুক্ত করা ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মটির। এবার ইউটিউব নিয়ে এসেছে নতুন এক ফিচার। গুগলের এই ভিডিও প্ল্যাটফর্ম এখন থেকে যে কোনো ভিডিওর মোস্ট রিপ্লে পার্ট হাইলাইট করবে ওয়েব প্লেয়ার এবং মোবাইল অ্যাপের জন্য। ইউটিউবের নতুন এই ফিচার এরই মধ্যে চালু করা হয়েছিল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। এখন থেকে সব ব্যবহারকারী নতুন এই ফিচারের সুবিধা পাবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে কোনো ভিডিওর বিশেষ কোনো পার্ট বেশি বার রিপ্লে করা হলে সেই পার্ট হাইলাইট করা হবে। এর ফলে ব্যবহারকারীরা ভিডিওর সেই পার্ট দেখতে পাবে। নতুন এই ফিচারের মাধ্যমে মোস্ট রিপ্লে ট্যাগের মাধ্যমে ভিডিওর সেই পার্ট দেখা যাবে। এর ফলে পুরো ভিডিও না দেখেও শুধু সেই পার্ট দেখা যাবে। ব্যবহারকারীরা যা দেখতে চায় তাদের তা দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে নতুন এই ফিচার।
ইউডি/সুস্মিত

