আওয়ামী লীগের শিকড় গভীরে, হাঁটু ভাঙবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের শিকড় গভীরে, হাঁটু ভাঙবে না: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫

‘আওয়ামী লীগের হাঁটু ভেঙে গেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এজন্য এই দলের হাঁটু ভাঙবে না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না। আওয়ামী লীগের জন্ম এই মাটিতে। আওয়ামী লীগ এই মাটি থেকে উঠে আসা দল। আমাদের শিকড় অনেক গভীরে। এই মাটিতে যার জন্ম তার কোমর ভাঙবে না। আমি ভুল করিনি, ফখরুল সাহেব ভুল করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি গত পরশু দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে বলেছিলাম, কোমর ভাঙা বিএনপি, হাঁটু ভাঙা বিএনপি লাঠির ওপর ভর করেছে। দেখলাম বিএনপির ফখরুল সাহেব তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নাকি হাঁটু ভেঙে গেছে। মির্জা ফখরুল হয় তো ভুলে গেছেন এটা আমার কথা না, এটা তাদের থ্রিংক ট্যাংক গণস্বাস্থ্যে জাফরউল্লাহ চৌধুরী এ কথা বলেছেন। বারবার বলেছেন কোমর ভাঙা বিএনপি, হাঁটু ভাঙা বিএনপি। আমি তাদের কথাই স্মরণ করিয়ে দিলাম হাঁটু ভাঙা দল লাঠির ওপর ভর করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অবদান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগে আলো হাতে আমাদের বর্ণিল ঠিকানা শেখ হাসিনা। তিনি ধ্বংস স্তুপের ওপর বারবার সৃষ্টির পতাকা উড়িয়েছেন। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। এদেশে যুদ্ধাপরাধের বিচার করা কি সহজ ছিল। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করে আমাদের পাপ মোচন করেছেন। জনগণের কল্যাণ, ভাগ্য উন্নয়নের জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুনন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ বক্তব্য দেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading