নগরবাউল জেমসের জন্মদিন আজ

নগরবাউল জেমসের  জন্মদিন আজ

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১২:০০

উপমহাদেশের অন্যতম রকস্টার নগরবাউল জেমসের আজ জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় তিনি জন্মগ্রহণ করেন। রবিবার (২ অক্টোবর) ৫৮ বছরে পা রেখেছেন সঙ্গীতের এই সুপারস্টার। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই ঘটেছে চট্টগ্রামে। সংগীতের বিকাশ ঘটেছে ঢাকায়। যদিও এখন তিনি আর সীমানায় সীমাবদ্ধ নেই। বলিউড জয়ের পর এখন তিনি বিশ্বজুড়ে সার্বজনীন।

জন্মদিনে এই তারকাকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা আর আয়োজনের কমতি না থাকলেও, বরাবরের মতো এবারও নিজের মতো করে কাটাবেন জেমস। এদিনে তিনি রাখেন না কোনও কনসার্ট-রেকর্ডিং। পারতপক্ষে অংশ নেন না কোনও জন্মোৎসবের আয়োজনে। দিনটিতে নিজের মধ্যেই গুটিসুটিমেরে থাকতে পছন্দ করেন তিনি।

তবে ভক্তদের জন্য প্রতি জন্মদিনেই বিশেষ বার্তা পাঠান। এবার জন্মদিনের (২ অক্টোবর ২০২২) প্রথম প্রহরে (রাত ১২টা) তেমনই বার্তা দিলেন গণমাধ্যম-এর মাধ্যমে। ভক্তদের উদ্দেশ্যে জেমস বললেন, ‘যতদিন তোরা আছিস, ততদিন আমি আছি।’

১৯৮০ সালে জেমস প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপার হিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। এরপর ‘ফিলিংস’ ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ড ‘নগর বাউল’। এই ব্যান্ড ‘দুষ্টু ছেলের দল’ এবং ‘বিজলি’ অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায়। এরপর একক অ্যালবাম হিসেবে প্রকাশ করেন ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ এবং সর্বশেষ ‘কাল যমুনা’।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading