নতুন রূপে সিয়াম
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ অক্টোবর ২০২২ । আপডেট ০৯:৩০
যাকে সহজে জয় করা যায় না, তিনিই দুর্জয়। এবার সেই দুর্জয় রূপে হাজির হবেন সিয়াম আহমেদ। মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ সিনেমায় এই নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই চরিত্রের কিছুটা ধারণা দিতে প্রকাশ পেয়েছে ‘আমি দুর্জয়’ শিরোনামের গান। গানটি গেয়েছেন প্রীতম হাসান। লিখেছেন রাসেল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন।
ফুটবলের সঙ্গে সখ্যতায় শৈশব থেকে বড় হওয়ার সময়টা উঠে এসেছে এই গানে। এতে সিয়ামকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এমন রূপে তাকে আগে কোনো ছবিতে দেখা যায়নি। একজন তরুণ ফুটবলার হিসেবে দেখা যাবে তাকে।
ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তার প্রথম ছবির নায়কও ছিলেন সিয়াম। আর সেকারণে তাদের জুটির প্রতি দর্শকের আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
‘দামাল’ সিনেমা প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমকে বলেন, “এটি আমাদের ছবি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই গল্পটা নিয়ে এর আগে কেউ কাজ করেননি। স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পটাই এবার তুলে ধরা হয়েছে। ‘দামাল’-এর ট্রেলার ও প্রথম গান দর্শকরা ভালো লাগার কথা জানিয়েছেন। এবার এলো দ্বিতীয় গান। এ গানটিও ছবিটিতে কী থাকছে তার একটা বার্তা দিয়েছে। আশা করি দর্শকরা ছবিটি দেখে পুরো বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।”
মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে এই ছবি। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দোলা। ২৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
ইউডি/সুস্মিত

